বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়ন সীমান্ত ৪৮ নম্বর পিলারের ওপারে আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১২ মে) সকাল ৯টার সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে এঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম (২৮)। তিনি নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতিরছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
বিশেষ একটি সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৮/২ এস এর জিরো লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন আবুল কালাম। এতে সে দেশের বিদ্রোহী আরাকান আর্মির এক সদস্যর সঙ্গে অজানা কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে দেয়। এতে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। সূত্রটি আরও জানায়, মরদেহটি বর্তমানে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির হেফাজতে রয়েছে।
নিহত আবুল কালাম বাংলাদেশ থেকে মিয়ানমারে খাদ্য সামগ্রী ও ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গত কয়েকদিন আগে চোরাচালানের জন্য মিয়ানমার অনুপ্রবেশ করার সময় ৫ বাংলাদেশি মাইনবিস্ফোরণে আহত হয়েছিলো।
-পার্বত্য সময়