গত মঙ্গলবার ভোরে নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আল আমিন (৩৮) নামের এক যুবকের লাশ বুধবার সন্ধায় ফেরত দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন সোমবার রাতে আরও কয়েকজনের সঙ্গে নিতপুর সীমান্ত এলাকার ২৩২ নম্বর প্রধান স্তম্ভের পাশ দিয়ে ভারতের ভেতর যান। গরু নিয়ে নিতপুর সীমান্তের মিলমারি এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ভারতের মালদহ জেলার বিএসএফ ১৫৯ ব্যাটালিয়নের আগ্রাবাদ ক্যাম্পের জওয়ানরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আল আমিন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।  ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দুই কিলোমিটার ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে, বিএসএফের সদস্যরা আল আমিনের মরদেহ নিয়ে যান। বুধবার বিকেলে ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে লাশ বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। 

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিয়ার রহমান বলেন, ভারতীয় পুলিশ ময়নাতদন্তের পর লাশ ফেরত দিয়েছে। শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন ছিল।

নিহত আল আমিন পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের নিতপুর কলোনীপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

বিজিবি ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

-পার্বত্য সময়