‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’এ সংক্রান্ত গানটি সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৮ জুলাই) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আরিফুর রহমান মুরাদ নামের এক ব্যক্তির রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
গেল ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত গায়ক আলী হাসানের ‘নানা-নাতি’ শিরোনামে একটি গান। প্রকাশের পর থেকেই দারুণভাবে এটি লুফে নেন দর্শক-শ্রোতারা। তবে গানটি নিয়ে রয়েছে বিতর্ক। কারণ, গানের একটি লাইনে বলা হয়েছে, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’।
আর এতেই ঘটেছে বিপত্তি। এই গানটির জন্য লিগ্যাল নোটিশ পান আলী হাসান। এবার অনলাইন থেকে ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ গানটি সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নানা ও নাতি চরিত্র দুটির ভেতর দিয়ে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। গানের ভিডিওতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় দেখা যায় অভিনেতা মারজুক রাসেলকে।
মূলত ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ এই লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে। যার প্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠান শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।
গত ১৯ জুন রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয় আলী হাসানকে। নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতেও বলা হয় তাকে। অন্যথায় গায়কের বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়।

-পার্বত্য সময়