চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুজনই দুর্ঘটনাকবলিত গাড়ির চালক। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে চকরিয়া থেকে লোহাগাড়ামুখী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের খাদে পড়ে যায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় দুই গাড়ির চালক এবং বাসের এক নারী যাত্রী নিহত হন। এছাড়া ১১ জন আহত হয়েছেন।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের থানায় রয়েছে বলে জানান তিনি।

 

-পার্বত্য সময়