কক্সবাজারের দুই সমুদ্র সৈকতের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ করা হয়েছে। সুগন্ধা বিচকে বঙ্গবন্ধু বিচ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গায় বীর মুক্তিযোদ্ধা বিচ নামকরণ করা হয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থায়ী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করছে মন্ত্রণালয়।
-পার্বত্য সময়

