ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভোটকেন্দ্র নির্ধারণে মাঠ কর্মকর্তাদের স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহায়তা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত নির্দেশনা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
ইসি কর্মকর্তাদের ব্যাখ্যা অনুযায়ী, পার্বত্য অঞ্চলের বিশেষ পরিস্থিতির কারণে সবসময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। অতীতে ভোট শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচন কর্মকর্তাসহ সাতজন নিহত হওয়ার ঘটনার উদাহরণ রয়েছে। এজন্যই কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সব কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রস্তুত হয়েছে এবং দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ চলছে। আগামী ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
সচিব আখতার আহমেদ জানিয়েছেন, খসড়া অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। বর্তমানে ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ভোটারের জন্য গড়ে প্রতি তিন হাজার ভোটারের বিপরীতে একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা থাকায় ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। এই লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
-পার্বত্য সময়


