বিএনপির অফিসিয়াল দুইটি ফেসবুক পেজ থেকে প্রচারিত বিবৃতিকে 'উদ্দেশ্যপ্রনোদিত ও মনগড়া বলে' প্রত্যাখান করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।
সোমবার (২৭ মে) বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও ও মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এর আগে গত ২৭ তারিখে বিএনপির ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ 'বিএনপি মিডিয়া সেল' ও 'বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনপি' থেকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নামে এক বিবৃতি প্রদান করা হয় যা সঠিক নয় বলে নতুন করে বিবৃতি প্রদান করে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৩ মে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দলের নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বক্তব্যের প্রেক্ষিতে স্বঘোষিত বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি. এলবার্ট পি' কস্তার বক্তব্য উদ্দেশ্যপ্রনোদিত ও মনগড়া বলে প্রত্যাখান করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও ও মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়া।
মি. এলবার্ট পি' কস্তা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের মদদপুষ্ট মি. এলবার্ট পি' কষ্টা বিগত সময়েও সমাজের নানা ধরনের বিভক্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালিয়েছেন। এখনও তিনি তা অব্যাহত রেখেছেন। ২০০২ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাউন্সিল অধিবেশনে কোন শাখা সংগঠনের কাউন্সিলর হতে না পেরে তিনি স্বঘোষিত খ্রীষ্টান এসোসিয়েশন তৈরী করেছিলেন। সমাজের কোন কাজ তিনি করেন না, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলই তার একমাত্র লক্ষ্য।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগঠিত স্বধীনতাযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। কে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছেন, কে আমাদের পক্ষে কাজ করেছেন তা আমাদের জানা আছে। খ্রীষ্টান সম্প্রদায় দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। তাঁরা এদেশের অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িত চিন্তা চেতনায় বিশ্বাসী এই সম্প্রদায় দেশীয় কিংবা আন্তর্জাতিক যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতে ছিলো, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এর আগে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে 'বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন'-এর নাম ব্যবহার করে মি. এলবার্ট পি' কষ্টা স্বাক্ষরিত এক বিবৃতি প্রচার করা হয়। যদিও এই ব্যক্তি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেউ নয় বলে জানা যায়। ফলে বিবৃতিটি যে ভুয়া ও জালিয়াতি করে বানানো বিষয়টি নিশ্চিতভাবে বলা যায়।
বিএনপি'র মিডিয়া সেল এর আগে 'চট্টগ্রামে রাউজান উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা' এমন ক্যাপশন ব্যবহার করে শেয়ার করা হয় একটি পোস্ট যা সম্পূর্ণ 'বানোয়াট ও ভিত্তিহীন' বলে তৎকালীন সময় বিবৃতি প্রদান করে রাউজান উপজেলা বৌদ্ধ ঐক্য পরিষদ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলীয় জোটের এক বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে।
এরই পরিপেক্ষিতে বিএনপির প্রচারিত বিবৃতিতে খ্রীষ্টান এসোসিয়েশনের বরাত দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর বক্তব্য তারা প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানিয়েছে।
-পার্বত্য সময়

