প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের মানুষকে রক্ষা করা আমাদের কর্তব্য। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, তা থেকে দেশকে আমরা মুক্ত করতে চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪’ এবং ‘পরিবেশ মেলা-২০২৪’এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট এবং তার পরবর্তী দুই বছর এই ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। ২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে মানুষকে যেমন হত্যা করা...তাছাড়া বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ, সেগুলো আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা হয়। লক্ষ লক্ষ বৃক্ষ কেটে ফেলে দেয় জামায়াত-বিএনপি। আওয়ামী লীগ যেখানে গাছ লাগিয়েছে সেগুলো তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য ১৯৮৪ সালে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ওপর দায়িত্ব দেওয়া হয়। মূল দল আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের প্রত্যেকটা সদস্য বৃক্ষরোপণ করবে। আমাদের নির্দেশ ছিল এবং সেই নির্দেশনা আমরা এখনও পালন করে যাচ্ছি।  
তিনি বলেন, জাতির পিতা ১৯৭২ সালে পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেন। ঢাকার রেসকোর্স ময়দানে একটা সবুজ আচ্ছন্ন পরিবেশ তৈরির পদক্ষেপ নিয়েছিলেন। ১৯৭২ সালের ১৬ জুলাই তিনি সেখানে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেন। বৃক্ষরোপণের জন্য মানুষকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেন। কক্সবাজারে সমুদ্র সৈকতে যে ঝাউ বন সেটি জাতির পিতার উদ্যোগে রোপণ করা হয়। তাছাড়া আমাদের দ্বীপ অঞ্চল, বিশেষ করে চরাঞ্চলগুলোতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা এবং সেখানে প্রত্যেক প্রজাতির পশুপাখি জোড়ায় জোড়ায় ছেড়ে দেওয়া হয়। সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন।
রাজধানীর শেরেবাংলা নগরে ৫-১১ জুন অনুষ্ঠিত হবে পরিবেশ মেলা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা-২০২৪ অনুষ্ঠিত হবে।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু পুরস্কার-২০২৩ ও -২০২৪, জাতীয় পরিবেশ পুরস্কার-২০২৩ এবং বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২২ ও ২০২৩ বিজয়ীদের হাতে হস্তান্তর করেন।
এছাড়াও সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার ও সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

-পার্বত্য সময়