বিশ্বের পরাশক্তিগুলোসহ চীন ও ভারতের চাপের মধ্যেও নিরপেক্ষ কূটনীতি চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা সফররত আয়ারল্যান্ডের বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী সাইমন কোভেনি। সোমবার (১৮মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ওই প্রশংসার কথা জানান তিনি।
এ সময় সাইমন কোভেনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আশা প্রকাশ করেন। এ ছাড়া রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা যেন অনারারি কনস্যুলেটে জমা নেওয়া হয়, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে রোববার (১৭ মার্চ) ঢাকায় আসেন সাইমন কোভেনি। তাঁর সরকারের ‘সেন্ট প্যাট্রিক ডে’ কর্মসূচির অংশ হিসেবে তিনি ভারত ও বাংলাদেশ সফর করছেন। এই সফরে সাইমন কোভেনি ঢাকায় আয়ারল্যান্ডের প্রথম অনারারি কনস্যুলেট উদ্বোধন ও সরকারের প্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং আয়ারল্যান্ড-বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক করেন। তিনি তাঁর সরকারের ‘সেন্ট প্যাট্রিক ডে’ কর্মসূচির অংশ হিসেবে ভারত ও বাংলাদেশে সাত দিনের সরকারি সফর করছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আয়ারল্যান্ডের মন্ত্রীকে ঢাকায় অনারারি কনস্যুলেট উদ্বোধনের জন্য ধন্যবাদ জানান এবং আয়ারল্যান্ডে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা আবেদন ঢাকায় অনারারি কনস্যুলেটে জমাদান চালু করে সহজ করার অনুরোধ করেন। পাশাপাশি বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং বাট আর্মস (ইবিএ) এবং ‘জিএসপি প্লাস’ সুবিধা অব্যাহত রাখতে আয়ারল্যান্ডের সমর্থন কামনা করেন।
ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে আয়ারল্যান্ড সম্প্রতি কসমস গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খানকে বাংলাদেশে অনারারি কনসাল হিসেবে নিয়োগ দিয়েছে। আয়ারল্যান্ড ১৯৭২ সালের প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং এরপর থেকে দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে।
 

-পার্বত্য সময়