রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জাপানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওনিশি ইয়োহির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২০ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা'র ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানুষে মানুষে যোগাযোগ জোরদার করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করে বলেন, মিয়ানমারে নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অংশীদারদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে জাপানের সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


