চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর তত্ত্বাবধানে সেন্টার অব রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) পক্ষ থেকে ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমানের কালজয়ী ভাষণের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতিবছর আয়োজন করা হয় জয় বাংলা কনসার্ট। ঢাকার আর্মি স্টেডিয়ামে এত দিন কনসার্টটি হলেও এবারই প্রথমবার চট্টগ্রামে হবে এই আয়োজন।

২০ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজনের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান। এবারের কনসার্টে গান পরিবেশন করবে আর্টসেল, নেমেসিস ও চিরকুট। ইতোমধ্যে সম্পূর্ণ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মনিটরিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, জয় বাংলা মন্ত্রে তরুণদের একতাবদ্ধ করতে আগামী ৭ মার্চ আয়োজন করা হয়েছে জয় বাংলা কনসার্ট। আমাদের সব ধরণের প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি, চট্টগ্রামবাসীকে আমরা তাদের কাঙ্খিত কনর্সাট উপহার দিতে পারব।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। মাঝে মহামারীর কারণে ২০২১ ও ২০২২ সালে এ আয়োজন করা হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ শত ভাষণের একটি। আর একাত্তরে মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ‘জয় বাংলা’ স্লোগান।

 

-পার্বত্য সময়