কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন ও স্থানীয়দের বরাতে ওসি শামীম সাংবাদিকদের বলেন, রাতে ইয়াছিন নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। এ সময় মুখোশধারী ৭-৮ জন তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে যায়।
নিহত মো. ইয়াছিন (৩৫) একই ক্যাম্পের সি-১ ব্লকের বাসিন্দা আব্দুল বারী’র ছেলে। তিনি ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অধীনে শিশুদের জন্য চালু থাকা লার্নিং সেন্টারের নৈশ প্রহরী ছিলেন।
খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মো. ইয়াছিন ঘটনাস্থলেই মারা যায়।
ওসি বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
-পার্বত্য সময়

