রোহিঙ্গা সমস্যার উত্তরণের উপায় খুঁজতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি এ কে আবদুল মোমেনের নেতৃত্বে রবিবার (১২ মে) সকালে ৬ সদস্যের প্রতিনিধিদল তা পরিদর্শন করে।
৪ নং রোহিঙ্গা ক্যাম্পের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) একটি ই-ভাউচার আউটলেট, ক্যাম্প-৫ এর একটি লার্নিং সেন্টার পরিদর্শন শেষে রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে এ কে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে এ পরিদর্শন। রোহিঙ্গাদের সঙ্গে আলাপকালে তারা স্বদেশে ফেরত যেতে চায় বলে জানিয়েছেন বলে জানান তিনি।
প্রতিনিধি দলে আরও ছিলেন কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাইমুম সরওয়ার কমল, নাহিম রাজ্জাক, হাবিবুর রহমান ও জারা জাবীন মাহবুব। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সেমিনার কক্ষে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদও অংশগ্রহণ করেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি আবদুল মোমেন বলেন, আমরা জেনেছি রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে গিয়ে নানা কর্মে যোগ দিচ্ছে। সেখানে আমরা সুপারিশ করেছি শিবিরের বাইরে গিয়ে কোনও রোহিঙ্গা চাকরি করলে তাদের আইনের আওতায় আনতে এবং যারা তাদের চাকরি দিচ্ছে, তাদেরও কঠোর শাস্তি দিতে হবে।
ড. হাছান মাহমুদ জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং অন্যান্য দেশের সঙ্গেও নিয়মিতভাবে আমরা আলাপ-আলোচনা করে যাচ্ছি, যাতে করে নিজেদের নাগরিকদের পূর্ণ অধিকারসহ ফেরত নিতে মিয়ানমারের ওপর কার্যত চাপ প্রয়োগ করা হয়।
-পার্বত্য সময়