বেইজিংয়ে তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (জুলাই ১০) স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এর আগে বুধবার (জুলাই ১০) রাত ১০টা ৫ মিনিটে (বেইজিং সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছান। সফরের শেষ দিন বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে দুপুরে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং সাতটি ঘোষণাপত্রে সই করে বাংলাদেশ ও চীন। বৈঠকের আগে গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (জুলাই ০৯) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই দিনে তিনি চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হানিং এবং এশিয়ান অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুনের সঙ্গে সাক্ষাৎ করেন।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বেইজিংয়ের সাংগ্রি-লা হোটেলে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা’ শীর্ষক এক সম্মেলনে যোগ দেন।
-পার্বত্য সময়

