২০২৪ সালে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হতে পারে সে খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস) বলেছে, ২০২৪ সালের ১১ মার্চ (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সোমবার (২৫ ডিসেম্বর) ইএএস চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমস।
ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী বছর আমিরাতে শীতের মৌসুমে রোজা শুরু হবে। আগামী ২০৩১ সাল (১৪৫৩ হিজরি) পর্যন্ত সব রোজার মাস শুরু হবে শীতকালে। তারপর রোজা শুরু হবে শরৎকালে। রোজার মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর রোজার মাস শুরুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। জ্যোতির্বিজ্ঞানের গণনায় শুধুমাত্র সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেয়া হয়। এর আগে অবশ্য সৌদি আরবের মক্কায় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আমলে নেয়া হয়।
গত ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও রোজার শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়। সংস্থাটির হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, ২০২৪ সালে রোজা শুরু হতে পারে ১২ মার্চ (মঙ্গলবার)।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী বছর আরব আমিরাতে রোজার সময় ২০২৩ সালের চেয়ে কম হবে। ১৩ ঘণ্টা ১৬ মিনিট হতে পারে; শেষ সময় ১৪ ঘণ্টায় পৌঁছাবে। চলতি বছর দেশটিতে ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত রোজার সময় ছিল। আগামী বছর ২৯টি রোজা হতে পারে। সে ক্ষেত্রে আমিরাতে রোজা শেষ হবে ৮ এপ্রিল। সে ক্ষেত্রে ঈদুল ফিতর হতে পারে ৯ এপ্রিল।
ইসলামের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজান। এ মাসে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। এক বলা হয় সিয়াম সাধনা বা রোজা। রমজান উপলক্ষে মুসলিমরা সারাবছর প্রস্তুতি নেন। এই সময় মুসলিম দেশগুলো অফিস, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মঘণ্টা কমিয় আনে। বিশ্বজুড়ে আনন্দ, রহমত ও আধ্যাত্মিকতার আবহ নিয়ে আসে রমজান।
-পার্বত্য সময়

