কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে গুলিবিদ্ধ এক নারীসহ পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছেন। তবে তাদের নাফ নদীতেই আটকে রেখেছে বিজিবি সদস্যরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিলে একটি নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছান তারা।
টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওর্য়াডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস সালাম জানান, নাফ নদী পাড়ি দিয়ে বিকালে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে ৫ রোহিঙ্গা এসে আমাদের জেটিঘাটে পৌঁছায়। পরে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দিলে ঘটনাস্থলে তারা পৌঁছান।
স্থানীয়রা জানান, ওই নৌকায় যে ৫ জন রয়েছেন, তাদের একজন নারী, বাকি ৪ জন পুরুষ। নারীটি গুলিবিদ্ধ বলে জানা গেছে। বিজিবি সদস্যরা নৌকাটি ঘিরে অবস্থান নিয়েছেন। তাদের ফেরত পাঠানোর চেষ্টাও করা হচ্ছে।
শাহপরীর দ্বীপ জেটিতে মাছ ধরতে যাওয়া কয়েকজন যুবক জানান, জেটিতে তারা বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এসময় একটি নৌকা জেটিতে আসে। নৌকায় একজনকে শুয়ে থাকতে দেখা যায়। পরে বুঝতে পারেন, তারা রোহিঙ্গা। খবর পেয়ে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে ফেলে। নৌকায় গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন লাগানো বলেও জানান তারা।
এ বিষয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, বিজিবি সদস্যরা তাদের ঢুকতে দিচ্ছেন না।
টেকনাফ থানার পরিদর্শক ওসমান গণি বলেন, মিয়ানমারের ওপার থেকে নাফ নদী পার হয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে ছোট ডিঙি নৌকা করে ৫ জন রোহিঙ্গা চলে এসেছে। একজন গুলিবিদ্ধ নারী রয়েছে শুনেছি।
এ বিষয়ে জানতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে ওঠেনি।
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 

-পার্বত্য সময়