ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সীমান্তের ওপারের রাখাইনে যুদ্ধাবস্থা। মে মাসে এ অবস্থার আরও অবনতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ফলে বাংলাদেশের টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের পাশাপাশি মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অনুপ্রবেশের চেষ্টা বাড়তে পারে।
রোববার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া জননিরাপত্তা বিভাগের এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সীমান্তে যুদ্ধাবস্থার কারণে সেখানে আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় সন্ত্রাসী দল বা গোষ্ঠী আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহার করতে পারে। আরাকান আর্মি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা করা হয়।
মিয়ানমার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানকৃত পণ্যের সরবরাহ বেড়ে যেতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা করা হয়। এ ছাড়া প্রতিবেদনে কয়েকটি ঝুঁকির কথাও উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা/মগ) অনুপ্রবেশ নিয়ন্ত্রণ; বাংলাদেশ ও মিয়ানমারের অরক্ষিত স্থল ও জল সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা; রোহিঙ্গাদের রেশনের অবৈধ পাচার রোধ করা ইত্যাদি।
উল্লেখ্য, মিয়ানমারের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে কয়েক মাস ধরে। আরাকান আর্মির সঙ্গে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এ বছর এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ও বিজিপির পাঁচ শতাধিক সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও টেকনাফে আশ্রয় নেন। এর মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন সেনা ও বিজিপি সদস্যকে জাহাজে করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। সর্বশেষ ২৫ এপ্রিল মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয় ।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। সংসদীয় কমিটি আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনীকে আরও সচেতন ও সতর্ক থেকে কাজ করার সুপারিশ করেছে।
সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সামছুল হক, সামিল উদ্দিন আহমেদ, ময়েজ উদ্দিন শরীফ, মো. ছানোয়ার হোসেন, চয়ন ইসলাম, মো. সাদ্দাম হোসেন ও হাছিনা বারী চৌধুরী।
-পার্বত্য সময়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
বাংলাদেশে রোহিঙ্গা ও বিজিপি অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধির আশঙ্কা
রোববার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া জননিরাপত্তা বিভাগের এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে।
সি
স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল, ২০২৪ ১:০০ পূর্বাহ্ন২ মিনিট পড়া

ফাইল ছবি: রয়টার্স
