রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর উপস্থিতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। পাশাপাশি তাদের ঘিরে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব এবং মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এবারের কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধিসহ মোট ৩৭ জন ফেলো অংশ নেন।


