এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে গেল অক্টোবরেই বেল্ট জিতেছিলেন বাংলাদেশের তারকা বক্সার সুর কৃষ্ণ চাকমা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় অনুষ্ঠিত পেশাদার বক্সিংয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতা-পাথ টু গ্লোরি হাসল ইন ঢাকা স্কয়ারে ভারতের শক্তিশালী বক্সার সন্দ্বীপ কুমারকে হারিয়েছেন তিনি। ভারতীয় বক্সারকে হারিয়ে পেশাদার বক্সিংয়ে নিজের টানা অষ্টম জয় তুলে নেন সুর।

এদিন রাতের শেষ ইভেন্টের লড়াইয়ে ৮ রাউন্ডের লাইটওয়েট ক্যাটাগরিতে সন্দ্বীপ কুমারকে হারিয়েছেন সুর কৃষ্ণ চাকমা। এদিন পেশাদার বক্সিংয়ে জিতেছেন আরেক বাংলাদেশি বক্সার আল আমিন।তবে মালয়েশিয়ার ম্যাকডিলোনের সঙ্গে ড্র করেছেন বাংলাদেশের রিসাতুল মাহমুদ সাজিন।

গত জানুয়ারি মাসে ব্যাংককে জিতেছেন সুর কৃষ্ণ। এর আগে ভুগেছিলেন ডেঙ্গুতে। অসুস্থ থেকে উঠে টানা দুটি প্রতিযোগিতায় অংশ নেওয়া বেশ কঠিন ছিল। তবে এরপর কঠোর অনুশীলন করে ফিরে এসেছেন সুর কৃষ্ণ। কিন্তু প্রতিপক্ষ বক্সার এত কঠিন হবে ভাবেননি তিনি। তবে ভারতের প্রতিপক্ষের বিপক্ষে খেলার আগে সবসময় একটা জেদ কাজ করার কথাও জানান সুর কৃষ্ণ।

বাংলাদেশের প্রথম বেল্ট জয় করা বক্সারের নজর বিশ্ব সেরার লড়াইয়ে। ভারতীয় বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণ বলেন, ‌‘খেতাবের লড়াইয়ের জন্য লড়তে পারব এবার। সামনেই ডব্লিউবিসি (ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল) চ্যাম্পিয়নশিপ রয়েছে। যে লড়াইয়ে খেলেছেন মোহাম্মদ আলী, মাইক টাইসনের মতো বক্সাররা।’

বিশ্বমানের বক্সারদের বিপক্ষে খেলা নিজের এবং গোটা দেশের জন্য গর্বের বলে মনে করেন দেশ সেরা বক্সার সুর কৃষ্ণ চাকমা। তিনি বলেন, ‘এবার আমি সেই (ডব্লিউবিস চ্যাম্পিয়নশিপ) প্রতিযোগিতায় খেলতে পারব। এটা শুধু আমার জন্য না পুরো বাংলাদেশের জন্যই ইতিহাস। বিশাল বড় অর্জন বাংলাদেশের জন্য।’

২০১৮ সালে পেশাদার বক্সিংয়ে নাম লিখিয়েছিলেন সুর। এরপর এ পর্যন্ত আটটি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন।আর তাতে সাফল্যের হাত শতভাগ! প্রতিনিয়ত বক্সিং রিংয়ে যেভাবে নিজেকে ক্ষিপ্র করে তুলছেন তাতে পেশাদার বক্সিংয়ে সুরের এই স্বপ্ন যাত্রা যে সহজে শেষ হচ্ছে না তা অনুমান করাই যায়।

 

-পার্বত্য সময়