মার্চ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতপরিচয় ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৪৭টি। এছাড়াও সারাদেশে আত্মহত্যা করেছেন ৫৩ নারী।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
রবিবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্চ মাসে ৩৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ৯টি সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পরে হত্যার ঘটনা একটি ও ১৪টি ধর্ষণচেষ্টা হয়েছে।
দেশে উল্লেখযোগ্য হারে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনাও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, সারাদেশে গত মার্চ মাসে ৪২ অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে ৩৪টি অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছিল। মরদেহগুলোর অধিকাংশই ডোবা খাল, নদীতে ভাসমান, বস্তাবন্দি, মহাসড়কের পাশে, ব্রিজ ও রেললাইনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।
মার্চ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। আলোচ্য সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে ৪০ জন সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছেন।
এতে আরও বলা হয়, মার্চ মাসে কারা হেফাজতে ১২ জনের মৃত্যু হয়েছে। সাত গণপিটুনির ঘটনায় ৯ জন ও সীমান্তে ৪ জন নিহত হয়েছেন। এ মাসে ২১টি রাজনৈতিক সহিংসতায় ৯৩ জন গ্রেফতার হয়েছেন।
- - পার্বত্য সময়

