পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের পোস্টার বয় সুরো কৃষ্ণ চাকমা। ২০১৮ সাল থেকে ক্যারিয়ার শুরু করা এই বক্সার এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন। যেখানে জয়ের রেকর্ড শতভাগ।  এসবশেষই বছর থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে পেশাদার বক্সিংয়ের র‌্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ উন্নতি হয়েছে তার।
র‌্যাঙ্কিংয়ে আটশ’র ঘরে থাকা সুরো কৃষ্ণ এক লাফে ২২১ নম্বরে চলে এসেছেন। লাইটওয়েট ৬১ কেজি ওজনশ্রেণিতে বিশ্বে ২২৮১ জন বক্সার আছেন। তাদের মধ্যে সুরো কৃষ্ণের এমন উল্লম্ফন।
গণমাধ্যমকে এই বক্সার বলেন, ‘আসলে আমি এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে সবকটি জিতেছি। সবশেষ দুটো ম্যাচ জেতায় র‌্যাঙ্কিংয়ে অনেক উন্নতি হয়েছে। এছাড়া প্রতিপক্ষকে নক আউট করেছি। সবকিছু দেখে পেশাদার বক্সিংয়ে বর্তমান র‌্যাঙ্কিং করা হয়েছে।’
আগামী ২৫ মে ঢাকায় পরের ম্যাচে চীনের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়বেন তিনি। রাঙামাটির জুড়াছড়ি থেকে উঠে আসা সুরো চাইছেন জয়ের ধারা সেখানেও অব্যাহত রেখে র‌্যাঙ্কিং আরও বাড়িয়ে নিতে, ‘চীনের প্রতিদ্বন্দ্বী বেশ শক্তিশালী। ঢাকায় পরবর্তী ম্যাচ জেতার লক্ষ্যে অনুশীলন করছি। এখন নামের পাশে দুই তারকাও যোগ হয়েছে। একের পর এক ম্যাচ জিততে পারলে তখন আরও ভালো করার সুযোগ থাকবে।’
 

-পার্বত্য সময়