সম্প্রতি নিউইয়র্কে এক নিলামে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুটি পেইন্টিং বা চিত্রকর্ম রেকর্ড দামে বিক্রি হয়েছে। এর মধ্যে ‘সাঁওতাল দম্পতি’ চিত্রকর্মটি তিন লাখ ৮১ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। যা বাংলা টাকায় প্রায় চার কোটি ১৭ লাখ সাড়ে ছয় হাজার টাকা। এদিন নিলামে শিল্পাচার্যের আরেকটি চিত্রকর্ম ছিল, যা একজন নারীর তেলচিত্র।

বিবিসি জানিয়েছে, ‘সাঁওতাল দম্পতি’ চিত্রকর্মটি বিক্রি হয়েছে তিন লাখ ৮১ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশের কোনো শিল্পীর শিল্পকর্মের জন্য সর্বোচ্চ মূল্য বলে মন্তব্য করেছেন শিল্পবোদ্ধারা।

গত সপ্তাহে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সোদেবি’স নিউ ইয়র্কে ‘মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি সাউথ এশিয়ান আর্ট’ শীর্ষক এক নিলামের আয়োজন করে। মার্চের ১৮ তারিখ সেখানেই বিক্রি হয় শিল্পাচার্যের দুটি চিত্রকর্ম।

সোদেবি’সের ওয়েবইটে দেওয়া তথ্য বলছে, ‘সাঁওতাল দম্পতি’ চিত্রকর্মটির মূল্য ধরা হয়েছিল এক লাখ থেকে দেড় লাখ মার্কিন ডলার। চিত্রকলা বিশেষজ্ঞরা বলছেন, জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলোর মাঝে এই দুটি চিত্রকর্ম সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ছবির অন্যতম।

 

  • - পার্বত্য সময়