রাঙ্গামাটির বরকল উপজেলায় নিজ ঘর থেকে আয়েশা বেগম (৫০) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে হাতুড়ি ও ইট দিয়ে আঘাত করে হত্যা করে ঘরের আলমারি ভেঙে গরু বিক্রির প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
রোববার (২১ জুন) রাতে উপজেলার সুবলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই এলাকার মো. মফিজুল হকের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে আয়েশা বেগমের স্বামী ও বড় ছেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দিনভর বাড়িতে কেউ না থাকায় এ সময়ই এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যায় স্বামী ঘরে ফিরে অন্ধকার দেখতে পান। পরে বাতি জ্বালিয়ে ঘরে প্রবেশ করলে মেঝেতে আয়েশা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিহতের স্বামী মো. মফিজুল হক বলেন, সকালে তিনি ও তার ছেলে কাজের উদ্দেশ্যে বের হন। সন্ধ্যায় ফিরে ঘরের বাতি জ্বালিয়ে স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন। ঘরের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং সেখানে রাখা প্রায় ৩ লাখ টাকা লুট হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, সোহাগ ও ওমর নামের দুই ব্যক্তি তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। তাদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছে পরিবার।
নিহতের ভাইপো মো. রাজীব ইসলাম ও মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পাশে একটি রক্তমাখা ভাঙা ইট ও হাতুড়ি পড়ে ছিল বলে জানান তারা।
সোমবার (২২ জুন) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে রক্তমাখা ইট ও হাতুড়ি জব্দ করেছে পুলিশ।
সুবলং পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাদল দেওয়ান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মাথা ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।


