কক্সবাজারের টেকনাফে সাগরপথে মাছ ধরার নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পর নারী ও শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (০৯ নভেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব ছড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী, ৮ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছেন। তবে ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গা স্থানীয় দালালদের মাধ্যমে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। বিজিবির অভিযানে ৩৮ জনকে আটক করা সম্ভব হলেও দালালের মাধ্যমে অন্য রোহিঙ্গারা স্থানীয় বাংলাদেশি লোকালয়ে ঢুকে পড়েন। পরে সেখান থেকে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে আশ্রয় নেয় বলে সূত্র নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় অর্থের বিনিময়ে তাঁদের মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরে হাবিব ছড়া এলাকার ফাতেমা খাতুনের বাড়িতে তাঁদের আশ্রয় দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ২ ব্যাটালিয়নের সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ মিয়া বলেন, ‘অর্থের বিনিময়ে দালালের মাধ্যমে একটি মাছ ধরার নৌকায় করে ৩৮ জন রোহিঙ্গাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেছে।’

টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাগরপথে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।’