কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ক্যাম্পে পৌঁছান তিনি। সেখানে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা এবং মানবিক সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে তার।
এর আগে, সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে আকাশপথে কক্সবাজারে এসে পৌঁছান সোফি। রাতে সৈকত শহরে অবস্থান করেন তিনি। আজ মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে বিকেলে আকাশপথে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, তিনি রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যক্রম, নারী ও শিশুদের সুরক্ষা কেন্দ্র, আইওএম ও পালস্ এর উদ্যোগে পরিচালিত সাবান তৈরির কারখানা, নারীদের বহুমুখী সেবাকেন্দ্র এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও জীবনমান উন্নয়নে পরিচালিত মানবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেবেন তিনি।
সোফির সফর ঘিরে রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তার যাতায়াতের পথ ও পরিদর্শনস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, 'রাজপরিবারের সদস্যের সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিদর্শনস্থল ও যাতায়াতের পথে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে।'
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'রোহঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরকালে ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে দেখবেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের উদ্যোগগুলো পরিদর্শন করবেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, এ সফরে নারীর ক্ষমতায়ন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা গুরুত্ব পাবে। ঢাকায় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে তাঁদের আলোচনা করার কথা রয়েছে।
এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সফরে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তিও উদ্যাপন করা হবে। শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নে তরুণদের সঙ্গে কথা বলবেন ডাচেস।
কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর সুরক্ষা ও সহায়তা কার্যক্রমের পাশাপাশি পুনর্বাসন, অন্তর্ভুক্তি এবং শরণার্থী জনগোষ্ঠীর সক্ষমতা ও নেতৃত্ব বিকাশের উদ্যোগ সম্পর্কেও খোঁজ নেবেন তিনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে বাংলাদেশ সফর করছেন সোফি। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন তিনি।


