বিশ্বকাপের ইতিহাসে ৭-১ স্কোরলাইন খুব বেশি দেখা যায় না। এবার সেই বিরল তালিকায় নতুন অধ্যায় যোগ করল জার্মানি। বিশ্বকাপ অভিষেক ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে আবারও আলোচনায় এসেছে জার্মানরা, আর অনিবার্যভাবেই ফিরে এসেছে ব্রাজিলের সেই দুঃস্বপ্নের স্মৃতি।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারবার ৭-১ ব্যবধানের ফল দেখা গেছে। এর মধ্যে দুটি ম্যাচেই সাত গোল করা দল জার্মানি। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছিল জার্মানরা। এবার কুরাসাওকে একই ব্যবধানে হারিয়ে সেই রেকর্ডের পাশে আরও একটি অধ্যায় যোগ করল তারা।
অন্য দুটি ৭-১ ম্যাচের একটি ১৯৩৪ বিশ্বকাপের প্রিলিমিনারি রাউন্ডে। যেখানে ইতালি ৭-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে। আর ১৯৫০ বিশ্বকাপের চূড়ান্ত রাউন্ডে ব্রাজিল ৭-১ গোলে পরাজিত করেছিল সুইডেনকে।
তবে বড় ব্যবধানের হার সত্ত্বেও কুরাসাওয়ের জন্য ম্যাচটি বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। কারণ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জার্মানির বিপক্ষে গোল করার করেছে দলটি। এর আগে, ১৯৭০ বিশ্বকাপে মরক্কো এবং ১৯৮২ বিশ্বকাপে আলজেরিয়া নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে জার্মানির জালে বল জড়িয়েছিল। কুরাসাও সেই তালিকায় যুক্ত হওয়া তৃতীয় দল।
ফলে স্কোরলাইন জার্মানির শক্তিমত্তার গল্প বললেও, বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলের আনন্দ নিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ছোট্ট ক্যারিবীয় দ্বীপ দেশ কুরাসাও। আর ফুটবলপ্রেমীরা? তারা আবারও মনে করলেন ব্রাজিলের সেই কালরাত—যে স্কোরলাইন দেখলেই ব্রাজিলিয়ানদের মনে দীর্ঘশ্বাস।


