চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকা থেকে নিখোঁজ এক প্রকৌশলীকে উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, কাতারপ্রবাসী প্রকৌশলী মো. মনিরুল হক রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার সাফা মোতালেব কলেজ রোডের এনআর ভবনে অবস্থিত নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। কিছু সময় পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে তাকে অপহরণের দাবি করে এবং মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে।
ঘটনার পর পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র্যাবের কাছে আবেদন করেন। পরে বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযানের আবেদন পাওয়ার পর র্যাব-৭ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
র্যাবের অভিযানে একই দিন সন্ধ্যা ৬টার দিকে বন্দর থানার রেলওয়ে একাডেমির সিএইচএসডি গুদামের সামনে জঙ্গল এলাকা থেকে অপহৃত মনিরুল হককে উদ্ধার করা হয়। অভিযানকালে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. রোহান, মো. সায়েম, সাদ্দাম হোসেন ও জিয়াউর রহমান। তাদের সবার বাড়ি চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


