চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও সড়ক ব্যবস্থাপনাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৫ জুন) চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় কনসালটেন্সি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চট্টগ্রাম নগরীর জন্য প্রস্তুতকৃত দুটি প্রযুক্তিনির্ভর উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় মেয়র বলেন, চট্টগ্রামকে “ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি” হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। তিনি জানান, এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেমই হবে চসিকের অন্যতম প্রধান উন্নয়ন প্রকল্প।
প্রায় ২১৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় নগরীর ৫৬টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও ব্যস্ত ট্রাফিক জোন আধুনিক প্রযুক্তির আওতায় আনা হবে।
প্রকল্পে স্মার্ট সিগন্যাল, ট্রাফিক ফ্লো মনিটরিং ক্যামেরা, আইন লঙ্ঘন শনাক্তকারী ক্যামেরা, নম্বরপ্লেট শনাক্তকরণ ব্যবস্থা, রেড সিগন্যাল ডিটেকশন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে।
মেয়র আরও বলেন, সম্পূর্ণ এআই-ভিত্তিক এই সিস্টেম যানবাহনের চলাচল, নম্বরপ্লেট এবং ট্রাফিক পরিস্থিতি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে আইন লঙ্ঘন শনাক্ত করতে পারবে। এতে যানজট কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।
সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও কনসালটেন্সি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


