ভাইদের কাছ থেকে মাদকের জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয় মাদকাসক্ত ইসমাইল। কক্সবাজারের টেকনাফে সোমবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আব্দুল শুক্কুর ওরফে আব্দুলের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আগুনের লাগানোর বিষয়ে ইসমাইলের বাবা আব্দুল শুক্কুর বলেন, আমার ছেলে ইসমাইল মাদকাসক্ত। নেশার জন্য টাকা চেয়ে না পেয়ে সে প্রথমে তার ঝুপড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আমার আরও তিন ছেলে-মেয়ের ঘর একসঙ্গে হওয়ায় তার ঘর থেকে আগুন চারটি ঘরে লেগে যায়। এতে আমার চার ছেলে-মেয়ের ঘর ও মালামাল পুড়ে অন্তত ২৫ লাখ টাকা পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে ভস্মীভূত একটি ঘরের মালিক ওসমান গনি বলেন, বাড়ির পুরুষ বেশির ভাগ ঘরের বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ি থেকে ফোনে জানিয়েছে, বড় ভাই ইসমাইল ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন। স্থানীয় লোকজনসহ আমরা অনেক চেষ্টা করেছি আগুন নেভাতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
টেকনাফ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা উত্তম কুমার ব্যানার্জি বলেন, শাহপরীর দ্বীপে বসতবাড়িতে আগুন লাগার খবরটি ৯৯৯ থেকে পেয়েছি। দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করে বলা যাচ্ছে না। তবে ঘরগুলো কাছাকাছি হওয়ায় চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তা ছাড়া বাড়ির এক সদস্যই আগুন লাগিয়েছে বলে লোকজন বলেছে।
-পার্বত্য সময়

