সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাকের ব্যক্তিগত ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রচার ও দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত থং পং ম্রো এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামসহ দেশের অখণ্ডতা, সম্প্রীতি ও সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের স্বার্থ ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ধারাবাহিক রিপোর্টের মাধ্যমে তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করিয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

সিএইচটি সম্প্রীতি জোটের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশের পক্ষে এবং জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের কণ্ঠরোধের একটি ধারাবাহিক প্রচেষ্টার অংশ। সংগঠনটি মনে করে, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাকের বক্তব্য ও কর্মকাণ্ডে বিচলিত হয়েই একটি চক্র তার সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতি বন্ধ করার চেষ্টা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মিথ্যা রিপোর্ট, সাইবার হয়রানি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বাধা সৃষ্টি করে কোনো দেশপ্রেমিক কণ্ঠস্বরকে স্তব্ধ করা যাবে না। এ ধরনের অপচেষ্টা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থানকে আরও শক্তিশালী করবে।’

সংগঠনটি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কাছে বিষয়টি তদন্ত করে দ্রুত ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাকের আইডি পুনরায় সচল করার দাবি জানিয়েছে। পাশাপাশি দেশের সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়ে সিএইচটি সম্প্রীতি জোট বলেছে, যেকোনো ধরনের বিভ্রান্তি ও ষড়যন্ত্র মোকাবিলায় দেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।