দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
শরিবার (১২ সেপ্টেম্বর) উক্ত কার্যক্রমের আওতায় সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সর্বমোট ৮৬১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এই চিকিৎসাসেবা কার্যক্রমের মাধ্যমে উপকৃত হন। বিশেষ করে, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এর ফলে, যোগাযোগ ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যেসব এলাকার জনসাধারণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ তুলনামূলকভাবে কঠিন, তাদের জন্য প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ সহজতর হয়।
পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।


