বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ জুন) বিজিবির আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ওয়াংরাইপাড়া ও লিকড়ী সীমান্ত এলাকায় মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পের আওতায় ওয়াংরাইপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ত্রিমতি কারবারীপাড়া, মাইস্প্রে কারবারীপাড়া, রাইচং কারবারীপাড়া ও হরিচন্দ্র কারবারীপাড়াসহ লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ ত্রিপুরা পাড়া, মরং পাড়া ও নুম পাড়ার নারী, পুরুষ ও শিশুসহ দুই শতাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ সময় তাদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পেইনে বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় কারবারি, হেডম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবির আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত এলাকার জনগণের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।