খাগড়াছড়ির রামগড়ে দেশীয় তৈরি এলজি, তাজা কার্তুজ ও চাঁদা আদায়ের বইসহ সুপায়ন মারমা (৫০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার প্রেমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন)-এর জোন কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুপায়ন মারমাকে আটক করা হয়। তিনি লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের মৃত রেদাচাই মারমার ছেলে। তার ডাকনাম সত্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটকের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি তাজা কার্তুজ, একটি চাঁদা আদায়ের বই, নগদ ১ হাজার ৩১৯ টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের (প্রসীত) কথিত চাঁদা আদায়কারীকে আটক করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।


