বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে বম সম্প্রদায়ের একজন নারী নিরাপদে কন্যাসন্তানের জন্ম দেন।
রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবানের রুমা উপজেলার সুনসুং পাড়ায় প্রসবজনিত জটিলতার সম্মুখীন হন এক অন্তঃসত্ত্বা বম নারী। এ সময় স্থানীয় কারবারির অনুরোধে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর একটি টহল দল জরুরি ভিত্তিতে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুনলাই পাড়ার কাছে সেনাবাহিনীর গাড়িতেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় তার পরিবারের সদস্য ও একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। সেনাবাহিনীর তাৎক্ষণিক মানবিক সহায়তায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবতার সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


