বান্দরবানের থানচি উপজেলার দুর্গম লাংলোক ঝর্ণা এলাকা থেকে গুরুতর অসুস্থ এক পর্যটকসহ ছয়জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নিরাপদে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার মিরপুর থেকে ছয় সদস্যের একটি পর্যটক দল লাংলোক ঝর্ণা এলাকায় ভ্রমণে যায়। সেখানে দলের সদস্য নাফিস মাশরুর ইসলাম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতিতে অসুস্থ পর্যটকের পরিবারের পক্ষ থেকে বিজিবির সহায়তা চাওয়া হয়। পরে ৩৮ বিজিবির অধিনায়কের নির্দেশনায় টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প থেকে একটি টহল দল দুইটি নৌকাযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অসুস্থ পর্যটককে প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন। পরে অসুস্থ পর্যটকসহ তার পাঁচ সঙ্গীকে নৌকাযোগে নিরাপদে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিজিবির এ মানবিক ও তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় দুর্গম এলাকায় বিপদে পড়া পর্যটক দলের সদস্যরা নিরাপদে চিকিৎসা নেওয়ার সুযোগ পান।