দীর্ঘদিন ভারতের মিজোরামে অবস্থানের পর বান্দরবানের রুমা উপজেলার ৩ নম্বর রেমাক্রী প্রাংসা ইউনিয়নের দার্জিলিং পাড়ায় নিজ বাড়িতে ফিরেছেন বম সম্প্রদায়ের একটি পরিবারের তিন সদস্য।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তারা মিজোরাম থেকে রাঙামাটি ও বান্দরবান হয়ে নিজ পাড়ায় ফিরে আসেন। প্রত্যাগত পরিবারের সদস্যরা হলেন—মালমিন সম বম (৩০), জিংনিজুয়াল বম (২৩) এবং রাম যারঙাক বম (৩)। তাদের সবার বাড়ি রুমা উপজেলার ৩ নম্বর রেমাক্রী প্রাংসা ইউনিয়নের দার্জিলিং পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল মাসে ব্যাংক ডাকাতির একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটকের আশঙ্কায় পরিবারটি নিজ এলাকা ছেড়ে ভারতের মিজোরামের লংত্লাই এলাকায় চলে যায়। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর সম্প্রতি তারা নিজ এলাকায় ফিরে আসেন।

ফিরে আসার পর পরিবারটিকে মানবিক সহায়তা দিয়েছে রুমা সেনা জোন। সহায়তার মধ্যে রয়েছে নগদ ১০ হাজার টাকা, তিন বান্ডিল ঢেউটিন, সোলার প্যানেল ও ব্যাটারিসহ প্রয়োজনীয় সরঞ্জাম, এক মাসের রেশন সামগ্রী, হাঁড়িপাতিল এবং আনুষঙ্গিক গৃহস্থালি সামগ্রী।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরে আসা পরিবারটির পুনর্বাসনে এ সহায়তা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে সহায়ক হবে।