পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১৩ জুন) দুপুরে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সেন্ট্রাল রেস্ট হাউজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ এবং সদস্য (বাস্তবায়ন) জাহিদ ইকবালসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যা অত্যন্ত জরুরি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলাই তাদের মূল লক্ষ্য।


