রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ভোরে একটি কাঠমিস্ত্রির কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের নেতৃত্বে তিনটি বি-টাইপ টহল দল অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
জানা গেছে, সেনাবাহিনীর সময়োপযোগী ও সমন্বিত পদক্ষেপের ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ থেকে ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় অগ্নিনির্বাপণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী।
স্থানীয় বাসিন্দাদের বরাত জানা গেছে, সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুনের ব্যাপক বিস্তার রোধ করা সম্ভব হয়েছে। সময়মতো এই উদ্যোগ না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।


