খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় একটি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
সোমবার (৩ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার ১ নম্বর লোগাং ইউনিয়নের রত্নগিরি অরণ্য কুটিরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবকের নাম রাকেশ চাকমা (২৯)। তিনি পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের পূর্ণ জীবন কারবারি পাড়া (দুদকছড়া) এলাকার বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, রত্নগিরি অরণ্য কুটিরের দানবাক্স থেকে টাকা চুরির সময় স্থানীয় জনতা তাকে আটক করে। স্থানীয়দের দাবি, এর আগেও ওই ধর্মীয় প্রতিষ্ঠানে সংঘটিত কয়েকটি চুরির ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর রত্নগিরি অরণ্য কুটির পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কারবারিদের উপস্থিতিতে আটক যুবককে প্রধান ভান্তে অজিত কীর্তি-এ চ-এর হেফাজতে দেওয়া হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তির উদ্যোগ হিসেবে তাকে অভিভাবকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে রাকেশ চাকমার বিরুদ্ধে চুরির অভিযোগ স্থানীয়দের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই বা এ বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


