বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড় ধসসহ দুর্যোগ মোকাবিলায় সকল সরকারি-বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সভায় জেলা প্রশাসক বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসরত জনগণকে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, টানা ১২ ঘণ্টা বা তার বেশি ভারী বর্ষণ শুরু হলে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের দ্রুত সরকারি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা রাখতে হবে।

সভায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারাও অংশ নেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ও রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক মো. ইমরানুল হক ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, শাইনিং হিল এনজিও’র নির্বাহী পরিচালক মো. আলীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।