রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (০১ নভেম্বর) বিকেলে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে চলমান অবরোধ কর্মসূচি রোববার সকাল-সন্ধ্যা শিথিল করা হলেও পাল্টা অবরোধের কারণে কার্যত অচল ছিল সাজেক পর্যটন সড়ক। আজ সোমবার (০২ নভেম্বর) থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনগুলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সাজেকের ঝুরঝুরি ছড়ার লাঙ্গলমারা এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। দুর্গম এলাকা হওয়ায় এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগের দিন শনিবারও সাজেকের মাচালং এলাকার দুর্গম কলাবুনিয়া ও ভাঙামুড়া এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে উভয় পক্ষ। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, তাঁদের দলের কেউ এ ধরনের গোলাগুলির সঙ্গে জড়িত নন। একইভাবে জেএসএসের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমাও তাঁদের দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা বলেন, ঝুরঝুরি ছড়া ও পাশের লাঙ্গলমারা সীমানা এলাকায় দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, রোববার বিকেলে লাঙ্গলমারা এলাকায় দুটি গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টা গোলাগুলি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও জানান, খাগড়াছড়িতে একটি সংগঠনের ডাকা অবরোধের কারণে সাজেক সড়কে কয়েকটি হালকা যানবাহন চলাচল করলেও ভারী যানবাহন চলাচল করেনি।
এদিকে পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১১তম দিন ছিল রোববার। এদিন কর্মসূচি সকাল-সন্ধ্যা শিথিলের ঘোষণা দেওয়া হলেও ‘পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি’ নামের আরেকটি সংগঠন পাল্টা অবরোধ ডাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন প্রায় বন্ধ ছিল।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশনের নেতা বাবুধন চাকমা ও নতুনজয় চাকমা জানিয়েছেন, সোমবার থেকে সাজেক পর্যটন সড়কে আগের মতো অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। ফলে পর্যটননির্ভর সাজেকের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


