পার্বত্য চট্টগ্রাম কেবল ভৌগোলিক বৈচিত্র্যের জন্যই নয় বরং ভূরাজনৈতিক অবস্থান, সীমান্ত নিরাপত্তা, সাংস্কৃতিক বহুত্ব এবং ভাষাগত সমৃদ্ধির কারণে এক অনন্য জনপদ। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা নিয়ে গঠিত এই অঞ্চল দেশের মোট ভূখণ্ডের প্রায় এক-দশমাংশ জুড়ে বিস্তৃত। ভারতের ও মিয়ানমারের সঙ্গে বিস্তৃত সীমান্ত থাকায় এটি জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক কূটনৈতিক বাস্তবতার সঙ্গেও সরাসরি যুক্ত।

গত কয়েক দশকে এই অঞ্চলকে ঘিরে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আলোচনায় একটি সংবেদনশীল রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ২০০৭ সালে জাতিসংঘের ‘আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র’ (ইউএনডিআরআইপি) গ্রহণের পর বিষয়টি নতুন মাত্রা পায়। তবে বাংলাদেশ সরকার এখনো এই ঘোষণাপত্র এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৬৯ অনুমোদন করেনি, যদিও ১৯৭২ সালে সদ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে আইএলও কনভেনশন ১০৭ অনুমোদন করে।

১৯৫৭ সালে প্রণীত আইএলও কনভেনশন ১০৭-এ ‘আদিবাসী’ (ইন্ডিজেনাস) এবং ‘উপজাতি’ (ট্রাইবাল) শব্দকে আলাদা প্রেক্ষাপটে ব্যবহার করা হয়। বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রীয় নীতিতে এই জনগোষ্ঠীগুলোকে ‘উপজাতি’, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী’ হিসেবে উল্লেখ করা হয়, যা কনভেনশন ১০৭-এর কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে রাষ্ট্রীয় ব্যাখ্যায় বলা হয়।

অন্যদিকে ১৯৮৯ সালে প্রস্তাবিত আইএলও কনভেনশন ১৬৯ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন ধরে মতভেদ রয়েছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এখনো এই কনভেনশন গ্রহণ করেনি। এশিয়ার ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, চীন ও জাপানও এতে স্বাক্ষর করেনি।

বিভিন্ন ধারার ব্যাখ্যা ও বিতর্ক

ইউএনডিআরআইপি এবং আইএলও ১৬৯-এর কিছু ধারাকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংবেদনশীল হিসেবে দেখা হয়। বিশেষ করে—

অনুচ্ছেদ ৩ (স্বনিয়ন্ত্রণের অধিকার): স্বনিয়ন্ত্রণের অধিকার বলতে আন্তর্জাতিক আইনে সাধারণত কোনো জাতির নিজস্ব রাজনৈতিক মর্যাদা নির্ধারণ এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের অধিকারকে বোঝায়। কিছু মহলে আশঙ্কা করা হয়, এই অধিকারটি ভুল ব্যাখ্যার মাধ্যমে রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে।

ইউএনডিআরআইপি-এর ৪৬ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, এমন কোনো অধিকারকে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক ঐক্যের পরিপন্থী হিসেবে ব্যাখ্যা করা যাবে না।

অনুচ্ছেদ ৪ (স্বায়ত্তশাসন): নিজস্ব অভ্যন্তরীণ বিষয়ে স্বায়ত্তশাসন দাবি করা হলে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর ভেতরে সমান্তরাল আরেকটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠার ঝুঁকি তৈরি হতে পারে, যা এককেন্দ্রিক রাষ্ট্রের মূল ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

অনুচ্ছেদ ১০ ও ১৪ (ভূমি ও সম্পদের অধিকার): এই ধারাগুলো অনুযায়ী ঐতিহ্যগত ভূমি ও সম্পদের ওপর সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অধিকার স্বীকৃত। রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প, খনিজ সম্পদ আহরণ বা বনভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে গোষ্ঠীগত একচেটিয়া দাবি উত্থাপিত হলে জাতীয় স্বার্থ ও উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।

অনুচ্ছেদ ১ (স্ব-পরিচয়): সেলফ-আইডেন্টিফিকেশন' বা স্ব-পরিচয়কে মূল মানদণ্ড হিসেবে ধরা হলে রাষ্ট্র ও সংবিধান কর্তৃক প্রদত্ত পরিচয়ের কাঠামোর বাইরে গিয়ে ভিন্ন দাবি তৈরি হতে পারে।

অনুচ্ছেদ ৩০:  কিছু ব্যাখ্যায় বলা হয়, আদিবাসী অধ্যুষিত এলাকায় জনগোষ্ঠীর পূর্বানুমতি বা সম্মতি ছাড়া রাষ্ট্রীয় সামরিক কার্যক্রম সীমিত হতে পারে। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এটিকে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়

পার্বত্য চট্টগ্রামের মতো সীমান্তসংলগ্ন ও নিরাপত্তাসংবেদনশীল অঞ্চলে এসব ধারা প্রয়োগের ব্যাখ্যা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্বেগ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন।

ঐতিহাসিক দৃষ্টিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, বম, খিয়াং, খুমি, চাক, পাংখোয়া ও লুসাইসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অভিবাসনের মাধ্যমে এই ভূখণ্ডে বসতি গড়ে তোলে। অন্যদিকে বাঙালি জনগোষ্ঠীকে দীর্ঘ ইতিহাসে এই ভূখণ্ডের প্রধান ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়।

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিতে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার ছিল না; সেখানে ‘উপজাতি’ শব্দই ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে ২০০৭ সালের পর থেকে আন্তর্জাতিক ফোরামকেন্দ্রিক আলোচনায় ‘আদিবাসী’ পরিচয় নিয়ে বিতর্ক নতুন করে সামনে আসে।

বর্তমানে এই অঞ্চলকে ঘিরে ভূমি বিরোধ, প্রশাসনিক কাঠামো, উন্নয়ন বণ্টন, রাজনৈতিক প্রতিনিধিত্ব, চাঁদাবাজি এবং নিরাপত্তাজনিত বিভিন্ন ইস্যু সময় সময় আলোচনায় আসে। কিছু বিশ্লেষণে বলা হয়, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে সেনা উপস্থিতি হ্রাসের দাবির মতো বিষয়ও আলোচিত হয়েছে, যদিও এটি নিয়ে ভিন্নমতও রয়েছে।

রাষ্ট্রীয় অবস্থান অনুযায়ী বাংলাদেশে কোনো ‘আদিবাসী’ নয়, বরং ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী’ রয়েছে-যারা দেশের নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করে এবং জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্র তাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সংবিধানিক কাঠামো রক্ষাকেও সমান গুরুত্ব দেয়।

বৈচিত্র্যময় জনসংখ্যা ও সামাজিক কাঠামো

পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো এর বহুজাতিক, বহুভাষিক এবং বহুসাংস্কৃতিক জনসংখ্যা। সাম্প্রতিক জনমিতিক প্রক্ষেপণ অনুযায়ী, এ অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর হার প্রায় ৫০.৬২ শতাংশ। পাশাপাশি চাকমা জনগোষ্ঠী প্রায় ২৩.৮৯ শতাংশ, মারমা ১০.৯৫ শতাংশ এবং ত্রিপুরা ৭.৮৭ শতাংশ জনগোষ্ঠী নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। এছাড়া ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, খিয়াং, খুমি, চাক, পাংখোয়া, লুসাইসহ আরও বেশ কয়েকটি ক্ষুদ্র ও অতি-ক্ষুদ্র জাতিগোষ্ঠী এই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, সামাজিক রীতি-নীতি এবং জীবনধারা, যা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চলে পরিণত করেছে।

ম্রো জাতিগোষ্ঠী, ছবি: সংগৃহীত

শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন জনগোষ্ঠীর সহাবস্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এই জনপদ একদিকে যেমন সম্প্রীতি, সাংস্কৃতিক বিনিময় এবং বৈচিত্র্যের অনন্য উদাহরণ, অন্যদিকে বিভিন্ন স্বার্থ, দাবি এবং ঐতিহাসিক বাস্তবতার কারণে এটি একটি জটিল সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও পরিণত হয়েছে। এখানকার বিভিন্ন জনগোষ্ঠীর জীবনযাত্রা, অর্থনৈতিক কর্মকাণ্ড, ভূমির ব্যবহার এবং সামাজিক কাঠামো সমতলের অন্যান্য অঞ্চলের তুলনায় ভিন্ন হওয়ায় উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিশেষ সংবেদনশীলতা প্রয়োজন হয়।

এ অঞ্চলের জনসংখ্যাগত বৈচিত্র্য শুধু সাংস্কৃতিক সমৃদ্ধিই সৃষ্টি করেনি, বরং রাষ্ট্র পরিচালনা, স্থানীয় সরকার ব্যবস্থা, রাজনৈতিক প্রতিনিধিত্ব, শিক্ষা, কর্মসংস্থান এবং ভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। বিভিন্ন জনগোষ্ঠীর স্বার্থ, অধিকার ও প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষা করা সবসময়ই নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ভূমি মালিকানা, প্রথাগত অধিকার, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সম্পদের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মতপার্থক্য ও বিতর্ক বিদ্যমান রয়েছে।

একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রেও সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। অনেক সময় কোনো একটি জনগোষ্ঠী নিজেদের বঞ্চিত বা উপেক্ষিত মনে করলে তা সামাজিক দূরত্ব ও অসন্তোষের জন্ম দিতে পারে। ফলে পার্বত্য চট্টগ্রামের মতো বহুজাতিক অঞ্চলে উন্নয়ন ও প্রশাসনের প্রতিটি উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা, সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং সকল জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন।

তবে এই বৈচিত্র্যকে চ্যালেঞ্জের পরিবর্তে সম্পদে রূপান্তর করা সম্ভব হলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য একটি শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক মডেল হয়ে উঠতে পারে। পারস্পরিক শ্রদ্ধা, সমঅধিকার, অন্তর্ভুক্তিমূলক নীতি এবং অংশীদারিত্বমূলক উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের বহুমাত্রিক বৈচিত্র্য জাতীয় ঐক্য ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য: পাহাড় থেকে সমতল

বাংলা ভাষা পৃথিবীর প্রায় সাত হাজার ভাষার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষা। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রায় ২৫ কোটি মানুষের মাতৃভাষা বাংলা, যা সংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ ভাষাগোষ্ঠী।

বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও চা জনগোষ্ঠীর মানুষ দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা ব্যবহার করে। সরকারি হিসেবে দেশে প্রায় ৫০টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে। গবেষণা সংস্থা সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এসইএইচডি) আরও প্রায় ৫০টির মতো স্বল্পপরিচিত জাতিগোষ্ঠীর তথ্য নথিভুক্ত করেছে।

 সরকারি হিসেবে দেশে প্রায় ৫০টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে।  ছবি: সংগৃহীত

দেশে ৪০টিরও বেশি ভাষা প্রচলিত। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে প্রায় ১০টি ভাষা, চা বাগান এলাকায় এক ডজনের মতো এবং দেশের বিভিন্ন অঞ্চলে আরও বহু ভাষা ব্যবহৃত হয়।

তবে এসব ভাষার অনেকগুলোই এখন বিপন্ন অবস্থায় রয়েছে। বহু ভাষার লিখিত বর্ণমালা, অভিধান বা ব্যাকরণ নেই; অনেক ভাষা কেবল বয়োজ্যেষ্ঠদের মুখে টিকে আছে।

উদাহরণ হিসেবে কোচ জনগোষ্ঠীর ভাষা, চা বাগানের কথ্য মিশ্র ভাষা এবং অন্যান্য ক্ষুদ্র ভাষাগুলোর কথা বলা হয়, যেগুলো ধীরে ধীরে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

পার্বত্য চট্টগ্রামের মধ্যে চাক জনগোষ্ঠী (জনসংখ্যা চার হাজারের কম) এবং লুসাই জনগোষ্ঠী (প্রায় ৩৮০ জন) বিশেষভাবে উল্লেখযোগ্য। চাক জনগোষ্ঠী বান্দরবানের দুর্গম এলাকায় বসবাস করে এবং তাদের ভাষা ও সংস্কৃতি দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। লুসাই জনগোষ্ঠীর ভাষা পরিবারকেন্দ্রিকভাবে টিকে থাকলেও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ভাষার পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও ইউনেস্কোর হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় ৪০ শতাংশ ভাষা বিপন্ন, এবং প্রতি দুই সপ্তাহে একটি ভাষা হারিয়ে যাচ্ছে। ইতিহাসে প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার ভাষা ইতোমধ্যে বিলুপ্ত হয়েছে।

ইউনেস্কোর হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় ৪০ শতাংশ ভাষা বিপন্ন। ছবি: সংগৃহীত

ঔপনিবেশিক ইতিহাসেও ভাষা বিলুপ্তির বহু উদাহরণ রয়েছে—আমেরিকায় ইউরোপীয় উপনিবেশ, অস্ট্রেলিয়ায় অ্যাবরিজিনাল জনগোষ্ঠীর ভূমি ও ভাষা সংকট, এবং টেরা নালিয়াস নীতির মতো ঘটনাগুলো এর উল্লেখযোগ্য উদাহরণ।

সুইস-জার্মান নৃবিজ্ঞানী এল জি লফলারের গবেষণায় পার্বত্য চট্টগ্রামের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে অত্যন্ত সমৃদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ভাষা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে রবিন্স বার্লিংয়ের গারো ভাষা বিষয়ক কাজ, হিমেল রিচিলের গারো অভিধান, পল ওলাফ বোডিংয়ের সাঁওতালি অভিধান, মুহাম্মদ জাকারিয়ার খিয়াং ভাষার ব্যাকরণ, এ কে শেরামের মণিপুরি ভাষা গবেষণা এবং সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের “বাংলাদেশের নানান ভাষা” গ্রন্থের।

এই গবেষণাগুলো বাংলাদেশের ভাষাগত বৈচিত্র্য ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণের গুরুত্বকে তুলে ধরে।

পাহাড়ের বাস্তবতা: বৈচিত্র্য ও চ্যালেঞ্জ

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এমন একটি অঞ্চল, যেখানে প্রকৃতি, সংস্কৃতি, ভাষা ও ইতিহাস একসঙ্গে জটিল ও বহুমাত্রিক এক বাস্তবতা তৈরি করেছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা নিয়ে গঠিত এই অঞ্চল যেমন পাহাড়, বন, নদী ও প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত, তেমনি ভূরাজনৈতিক অবস্থান, সীমান্ত সংবেদনশীলতা এবং সামাজিক বৈচিত্র্যের কারণে এটি দেশের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা।

এই অঞ্চলকে ঘিরে দীর্ঘদিন ধরে যে বাস্তবতা গড়ে উঠেছে, তা একদিকে বৈচিত্র্যময় সহাবস্থানের প্রতিচ্ছবি, অন্যদিকে দীর্ঘস্থায়ী সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার সমষ্টি। ভূমি মালিকানা নিয়ে বিরোধ, উন্নয়ন বণ্টনের বৈষম্য, রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্ন, প্রশাসনিক কাঠামোর সীমাবদ্ধতা, নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক বিভিন্ন সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব—সব মিলিয়ে এখানে একটি বহুস্তরীয় ও জটিল বাস্তবতা বিদ্যমান।

ভূমি পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলোর একটি। ঐতিহ্যগতভাবে জুমচাষ, বনভূমি নির্ভর জীবনধারা এবং পরবর্তীতে জনসংখ্যা পরিবর্তনের কারণে ভূমি ব্যবস্থাপনা নিয়ে নানা ধরনের বিরোধ ও চাপ তৈরি হয়েছে। এসব বিরোধ শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক সম্পর্ক ও আস্থার ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।

জুমচাষ, বনভূমি নির্ভর জীবনধারা। ছবি: সংগৃহীত

উন্নয়ন প্রসঙ্গে এই অঞ্চল সবসময়ই আলোচনায় থেকেছে। একদিকে রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা-স্বাস্থ্য সম্প্রসারণের উদ্যোগ রয়েছে; অন্যদিকে অনেক ক্ষেত্রে স্থানীয় বাস্তবতার সঙ্গে এসব উন্নয়ন পরিকল্পনার সমন্বয় নিয়ে প্রশ্নও উঠেছে। ফলে উন্নয়ন কখনো কখনো সমানভাবে গ্রহণযোগ্য না হয়ে বিতর্কের জন্ম দিয়েছে।

রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রেও পার্বত্য চট্টগ্রাম একটি জটিল প্রেক্ষাপট বহন করে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও রাজনৈতিক কাঠামো সক্রিয় থাকায় ক্ষমতা, অংশগ্রহণ এবং নেতৃত্ব নিয়ে নানা ধরনের প্রতিযোগিতা ও মতভেদ দেখা যায়। এই প্রতিযোগিতা কখনো কখনো সামাজিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলে।

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত ও অস্থিরতা কমানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। এই চুক্তির মাধ্যমে একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর ভিত্তি গড়ে তোলার চেষ্টা করা হয়। তবে বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন ধারার প্রয়োগ এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে এখনো ভিন্ন ভিন্ন মত ও মূল্যায়ন রয়েছে। ফলে শান্তিচুক্তি একদিকে যেমন আশার প্রতীক, অন্যদিকে এখনো অসম্পূর্ণ বাস্তবতার আলোচ্য বিষয়।

নিরাপত্তা পরিস্থিতিও পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অংশ। সীমান্তবর্তী অবস্থান, ভৌগোলিক দুর্গমতা এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক জটিলতার কারণে এখানে নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিতে হয়। রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো, সীমান্ত ব্যবস্থাপনা এবং স্থানীয় স্থিতিশীলতা—এই তিনটি বিষয় এখানে পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত।

এই সব বাস্তবতার মধ্যেও পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের বহুভাষিক ও বহুসাংস্কৃতিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এখানে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, বম, খিয়াং, খুমি, চাক, পাংখোয়া, লুসাইসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা বহন করে চলেছে। তাদের এই বৈচিত্র্য পার্বত্য চট্টগ্রামকে কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং একটি সাংস্কৃতিক মিলনস্থলে পরিণত করেছে।

এই জনগোষ্ঠীগুলোর ভাষা, সংগীত, নৃত্য, আচার-অনুষ্ঠান এবং সামাজিক আচরণ বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরকে আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় করেছে। তবে একই সঙ্গে অনেক ভাষা ও সংস্কৃতি আধুনিক সামাজিক পরিবর্তন, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক চাপের কারণে বিপন্নতার ঝুঁকির মুখেও রয়েছে। ফলে ভাষা ও সাংস্কৃতিক সংরক্ষণ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে আসে।

বিজু, সাংগ্রাই, বৈসু– ভিন্ন ভিন্ন নাম। তবে উৎসবে ঘটে সবার মিলনমেলা। ছবি: সংগৃহীত

বিশ্লেষকদের মতে, পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ স্থিতিশীলতা কোনো একক বিষয়ের ওপর নির্ভরশীল নয়। বরং এটি একটি সমন্বিত প্রক্রিয়া—যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা, উন্নয়ন, সাংস্কৃতিক স্বীকৃতি, ভূমি ব্যবস্থাপনা এবং সকল জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা একসঙ্গে কাজ করতে হবে।

রাষ্ট্রের জন্য এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুইটি বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করা। একদিকে জাতীয় নিরাপত্তা, সীমান্ত স্থিতিশীলতা এবং সাংবিধানিক কাঠামো রক্ষা করা; অন্যদিকে সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়, ভাষাগত বৈচিত্র্য এবং সামাজিক অধিকারকে সম্মান ও সংরক্ষণ করা।

এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্যই পার্বত্য চট্টগ্রামের দীর্ঘমেয়াদি শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।