মিয়ানমারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রাখাইন রাজ্যের সিত্তে শহরের পশ্চিম প্রান্তের ইয়েচান পিয়িন ও কুই তেই গ্রামের আশপাশের সামরিক ঘাঁটিগুলোতে আরাকান আর্মি অভিযান চালাচ্ছে। এতে ওই এলাকায় তীব্র লড়াই চলছে বলে স্থানীয় বাসিন্দা ও যুদ্ধক্ষেত্রের সূত্রগুলো জানিয়েছে।
সিত্তের উত্তরে পাদালেট রেজিমেন্টের কাছে হাইংজুন, কিয়ামাথাউক রেজিমেন্টের কাছে তাউকান ও নারি কান, কান্দকও দ্বীপ এবং শহরের পূর্বদিকে শোয়েমিনগান নৌঘাঁটির আশপাশ থেকে আরাকান আর্মি ইতোমধ্যে অভিযান চালিয়ে আসছিল। এবার সিত্তের পশ্চিম দিকের ইয়েচান পিয়িন এলাকা থেকেও নতুন করে অভিযান শুরু করেছে তারা।
আরাকান আর্মির ঘনিষ্ঠ একটি সামরিক সূত্র জানায়, “দুই দিন ধরে লড়াই চলছে। ইয়েচান পিয়িনে জড়ো হওয়া সেনাদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। ওংরেপ্রো ও চেকতাউপিয়াংয়ের আশপাশে লড়াই হচ্ছে। কুই তেই এলাকায় সরাসরি মুখোমুখি সংঘর্ষ নেই। তবে সেখানে গেরিলা হামলা হচ্ছে।”
সূত্রটি আরও জানায়, লড়াই এখনো তীব্র এবং যুদ্ধক্ষেত্রের বিস্তারিত পরিস্থিতি এই মুহূর্তে জানানো সম্ভব নয়।
ইয়েচান পিয়িনের আশপাশের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চলার সময় পাদালেট রেজিমেন্টগুলোতে মোতায়েন সেনা এবং সিত্তে আঞ্চলিক কমান্ড সদর দপ্তরের সদস্যদের একটি অংশ সরিয়ে ইয়েচান পিয়িনের দিকে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
সামরিক পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট সিত্তের এক বাসিন্দা বলেন, “পাদালেট এলাকায় তীব্র লড়াই চলছিল, তাই সেখানে অনেক সেনা পাঠানো হয়েছিল। এখন তাদের একটি অংশ ইয়েচান পিয়িনের দিকে পাঠানো হচ্ছে বলে শুনেছি। ওই দিক থেকে এখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।”
ইয়েচান পিয়িনের কাছে যেখানে সংঘর্ষ চলছে, তার অদূরেই সামরিক বাহিনীর রসদ সরবরাহ ইউনিট, মেডিকেল ইউনিট এবং আর্টিলারি রেজিমেন্ট রয়েছে। সিত্তেতে সামরিক প্রশাসনের অধীনে কাজ করা এক কর্মচারী বলেন, “ইয়েচান পিয়িন এলাকায় আগে খুব বেশি সেনা ছিল না। সম্প্রতি সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সিত্তে টাউনশিপের ইয়েচান পিয়িন ছাড়াও নারি কান, তাউকান, ওয়াবো দ্বীপ, কুয়ানতাউং এবং শোয়েমিনগান নৌঘাঁটির আশপাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। তাদের দাবি, এসব লড়াইয়ে সামরিক বাহিনী ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং তারা বিমান হামলা চালাচ্ছে।
সিত্তের পিদাওথা ওয়ার্ডে বসবাসকারী এক নারী ৬ অক্টোবর সন্ধ্যায় বলেন, “এখনো বিমান থেকে হামলা চালানো হচ্ছে। পুন্নাগ্যুনের দিক থেকে বিমানের শব্দ শুনতে পাচ্ছি। সন্ধ্যা থেকেই বিমান চক্কর দিচ্ছে। শহরের মানুষ বিমান আসলেই ভয় পেয়ে যায়। পালিয়ে যাওয়ারও কোনো জায়গা নেই।”
কিয়াউকতাউ শহরে শিশুদেরসহ ৫১ জন বেসামরিক নিহত এবং ৬০ জনের বেশি আহত হওয়ার খবরের পর আরাকান আর্মি সিত্তে ও কিয়াউকফিউ টাউনশিপে তাদের অভিযান আরও জোরদার করেছে বলে জানা গেছে। অন্যদিকে, যুদ্ধে ক্ষয়ক্ষতির মুখে পড়ার পাশাপাশি সামরিক বাহিনী বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র, ক্লিনিক ও বাজারসহ বেসামরিক স্থাপনায় টানা বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সিত্তের পার্শ্ববর্তী পকতাও টাউনশিপের এক বাসিন্দা বলেন, “প্রতিদিনই বিমান আসে। বিমান না এলেও গোলাবর্ষণ অব্যাহত থাকে। এমন কোনো সময় নেই যখন বিস্ফোরণের শব্দ শোনা যায় না। সন্ধ্যায় মনে হলো শোয়েমিনগান এলাকার দিকে কিছু একটা পড়েছে। খুব জোরে বিস্ফোরণের শব্দ শুনেছি।”
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর থেকে সামরিক বাহিনী আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অভিযান চালিয়ে আসছে। তারা এই অভিযানকে ‘অপারেশন ৪৯২৬’ নামে অভিহিত করেছে। সিত্তে ও কিয়াউকফিউ ছাড়াও মাগওয়ে অঞ্চলের পাদান ও মিনডন, বাগো অঞ্চলের পান্তাউং এবং ইরাবতী অঞ্চলের ইয়েগি ও থাবাউং টাউনশিপ থেকে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে এই অভিযান চালানো হচ্ছে।
এক মাসেরও বেশি সময় ধরে অভিযান চললেও সামরিক বাহিনী আরাকান আর্মির একটি ঘাঁটিও দখল করতে পারেনি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বরং আরাকান আর্মি সামরিক বাহিনীর ঘাঁটিগুলো দখল করছে এবং প্রতিরক্ষামূলক অবস্থান থেকে এখন পাল্টা আক্রমণাত্মক অভিযানে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামরিক বাহিনীর প্রচারমূলক সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে দাবি করা হচ্ছে, রাখাইনের লড়াইয়ে সামরিক বাহিনী এগিয়ে রয়েছে এবং আরাকান আর্মি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, মাঠপর্যায়ের সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এক মাসের বেশি সময়ের এই অভিযানে সামরিক বাহিনী সিত্তে টাউনশিপে ৯টি, কিয়াউকফিউ টাউনশিপে ১টি এবং মিনডন টাউনশিপে ১টি- মোট অন্তত ১১টি সামরিক ঘাঁটি হারিয়েছে। এছাড়া শত শত সেনা নিহত বা আহত হয়েছে এবং সামরিক বাহিনীকে ধারাবাহিকভাবে নতুন করে সেনা পাঠাতে হচ্ছে বলেও সূত্রগুলো জানিয়েছে।


