অক্টোবরে এসে ভারতের রাজপথে যেন একসঙ্গে জেগে উঠেছে লাখো ক্ষোভ, প্রতিবাদ ও বিদ্রোহ। এই অক্টোবরের ভারত এমন এক দেশ, যেখানে লাখো ছোট-বড় ‘বিদ্রোহ’ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে।
ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সমর্থকেরা আবারও রাস্তায় নেমেছেন। মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তারা পালন করছেন অহিংস অসহযোগ কর্মসূচি। আগের মতোই রাজপথের পরিবেশ অনেকটা উৎসবমুখর। সেখানে বিপুলসংখ্যক শিক্ষার্থী, মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে এগিয়ে চলা নারীদের সারি, তরুণদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান-‘জ্ঞানু, এটা শেষ, ভাই।’
অদ্ভুতভাবে, তারা ইতিমধ্যেই ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অতীতকালের মানুষ হিসেবে উল্লেখ করতে শুরু করেছেন। এরপর কী হবে-কোন ব্যবস্থা আসবে, কে দায়িত্ব নেবে-এসব প্রশ্ন আপাতত তুলে রাখা হয়েছে। এখন তাদের একটাই দাবি, ভোটার তালিকায় কারচুপি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দেওয়ার অভিযোগ ওঠা জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।
দিল্লিতে নারীদের নিরাপত্তার দাবিতে তরুণী ও কুইয়ার শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছেন। দক্ষিণ-পূর্ব দিল্লির আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছর বয়সী এক কিশোরীকে তিন ব্যক্তি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে-এমন অভিযোগের পর এই বিক্ষোভ শুরু হয়েছে।
একই সময়ে মুম্বাইয়ে আইআইটি বোম্বের দ্বিতীয় বর্ষের বিটেক শিক্ষার্থী সাহিল ওয়াকোডের বাবা-মা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। চলতি মাসের শুরুতে সাহিল আত্মহত্যা করেন। তাঁর বাবা-মায়ের অভিযোগ, তিনি গুরুতর জাতিগত হয়রানির শিকার হয়েছিলেন। তারা তার শিক্ষকদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।
পুনেতে মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) পরীক্ষার্থীরাও রাস্তায় নেমেছেন। পরীক্ষা নিয়ে অনিয়ম, স্বচ্ছতার ঘাটতি এবং ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তাসহ নানা অভিযোগে তাঁরা কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন।
আর ভারতের যে অংশটি রাস্তায় নেই, তারাও কার্যত কম্পিউটার ও মোবাইলের পর্দার সঙ্গে যুক্ত। সেখানে মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে আশাবাদ, হতাশা, সংশয় ও ক্ষোভের স্রোত।
হঠাৎ করে বিভিন্ন বিক্ষোভের এই সম্মিলিত উপস্থিতি মোদি সরকারকে কার্যত ঘরোয়া অস্থিরতার ‘পিঞ্চার মুভমেন্ট’-এর মধ্যে ফেলেছে। একে অপরের সঙ্গে সরাসরি সম্পর্কহীন বলে মনে হওয়া এসব আন্দোলন এখন জাতীয় রাজনৈতিক পরিস্থিতিতে একটি বিপজ্জনক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিভক্ত জেন-জি প্রজন্মকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একত্র করছে এসব ক্ষোভ। বিরোধীদের নতুন করে জাতীয় শক্তি হিসেবে সংগঠিত করছে এবং বিচ্ছিন্ন নানা অভিযোগকে এমন একটি দৃশ্যমান আন্দোলনে পরিণত করছে, যা সরকার আর সহজে নিয়ন্ত্রণ করতে পারছে না।
এর সঙ্গে যোগ হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। কেন্দ্রীয় দিল্লি ও মুম্বাইয়ের কিছু অংশ কার্যত অবরুদ্ধ। গান্ধী জয়ন্তীর দিন এমন দৃশ্য পরিস্থিতির রাজনৈতিক প্রতীকী অর্থকে আরও তীব্র করেছে।
মোদির শাসন এখন আর স্থিতিশীল শাসনের প্রতীক নয়-এমন অভিযোগ উঠছে। তার ক্ষমতা এখন জনপ্রিয়তার ওপর নয়, বরং বলপ্রয়োগ ও ভয় দেখানোর ওপর নির্ভর করছে-ক্ষমতা হারালে কী পরিণতি হতে পারে, সেই আশঙ্কার ওপরও।
মোদির রাজনৈতিক জীবনের বড় একটি অংশে ক্ষমতার সঙ্গে জনপ্রিয়তার সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। তিনি যখন জনপ্রিয় ছিলেন, তখন সেই কাঠামো কার্যকর ছিল। তিনি মানুষকে এটিএমের সামনে দীর্ঘ সারিতে দাঁড় করাতে পেরেছেন। খাদ্য, অর্থ ও বৈজ্ঞানিক যুক্তির ঘাটতি থাকা অবস্থাতেও দেশব্যাপী লকডাউন কার্যকর করেছেন। কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করেছেন। কৃষক ও শিক্ষার্থীদের ওপর কঠোর ব্যবস্থা নিয়েছেন।
কিন্তু জনপ্রিয়তা যখন কমে গেছে এবং নির্বাচন কমিশনার তার পক্ষে ব্যবস্থা বাঁকিয়ে দিচ্ছেন এমন অভিযোগ সামনে এসেছে। তখন জনপ্রিয়তা ও জনসমর্থনের প্রয়োজনীয়তাকেও তিনি উপেক্ষা করতে পারেন বলে সমালোচকেরা মনে করছেন।
তবে এখন তার ক্ষমতার কোনো ফল ভোগ না করার সুযোগ নেই।
তিন মেয়াদ ধরে মোদি জনপ্রিয় বৈধতা ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ-দুই ধরনের ক্ষমতাই একসঙ্গে ব্যবহার করেছেন। সেই যুগ এখন শেষের দিকে। ২০১৪ সালের মতো তার আর কোনো বিপুল জনম্যান্ডেট নেই। একই সঙ্গে গণমাধ্যম, সংসদ, নির্বাচন কমিশন কিংবা বিচারব্যবস্থার মতো কোনো প্রতিষ্ঠানই তার শাসনের অভিঘাত নিজেদের মধ্যে শুষে নেওয়ার মতো অবস্থায় নেই-এমনটাই দাবি করছেন তার সমালোচকেরা।
বিক্ষোভগুলোর দাবি আলাদা হলেও তাদের অন্তর্নিহিত প্রশ্ন প্রায় একই- ক্ষমতার সঙ্গে জবাবদিহিও থাকতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার, আইআইটি বোম্বের উচ্চবর্ণের শিক্ষক কিংবা পুলিশ পরিচয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা-সবাই এখন একই ধরনের জবাবদিহির দাবির মুখোমুখি।
জুলাইয়ে সিজেপির প্রথম বড় সাফল্যের পর দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। মোদি নিজের দপ্তরে আরও গুটিয়ে যান বলে বিক্ষোভকারীদের দাবি। ইনস্টাগ্রাম রিল ও মিমের লাগাতার বিদ্রূপে তার আত্মবিশ্বাসের বিশাল বেলুন যেন হাজারো সূক্ষ্ম আঘাতে ধীরে ধীরে চুপসে যাচ্ছে।
ইতিহাস হয়তো একদিন লিখবে, মোদির শক্তিশালী শাসনের প্রথম ফাটল কোনো নির্বাচনী পরাজয় দিয়ে শুরু হয়নি। বরং শুরু হয়েছিল তখনই, যখন সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিল যে ‘কিছুই করার নেই।’
তিন মাসের মধ্যে দ্বিতীয় দফার এই নতুন বিক্ষোভ মোদির ক্ষমতাকে ‘অনিবার্য’ বলে ধরে নেওয়ার ধারণাকেই চ্যালেঞ্জ করছে।
দেশজুড়ে এই আন্দোলন অক্টোবরজুড়ে চলবে বলে আয়োজকেরা জানিয়েছেন। ‘ককরোচ’ সমর্থকদের পাশাপাশি ভারতের বিরোধী দলগুলোও দেশের বিভিন্ন স্থানে পাঁচটি বড় সমাবেশ করবে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির পাশাপাশি বিরোধীরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর বদলে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি তুলেছে। তাদের যুক্তি, ইলেকট্রনিক ভোটব্যবস্থায় ভোট গ্রহণ ও গণনার প্রক্রিয়া কারচুপির ঝুঁকিতে পড়ে।
বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ তুলেছেন এবং তাকে পদ থেকে সরানোর পর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন।
অন্যদিকে মোদি তার কোনো ক্ষমতা ছাড়ার পরিকল্পনা করছেন না।
গান্ধীর সমাধিতে ফুল দিয়ে দিনের সূচনা করেছেন তিনি-যে গান্ধী ছিলেন অহিংসার প্রবক্তা। একই সময়ে দিল্লি ও মুম্বাইয়ে বিক্ষোভকারীদের জমায়েত ঠেকাতে মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনী, দাঙ্গা নিয়ন্ত্রণের যান ও বিপুলসংখ্যক পুলিশ।
নয়াদিল্লির নির্ধারিত বিক্ষোভস্থল যন্তর মন্তরের দিকে যাওয়ার রাস্তাগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড। যারা এসব বাধা পেরিয়ে যেতে পারছেন, তাদের অনেককেই আটক করছে পুলিশ।
বৈপরীত্যটি প্রায় অবিশ্বাস্য। শুক্রবার গণহারে আটক করা হয়েছে বিক্ষোভকারীদের। শনিবারও হয়েছে নতুন করে আটক। কিন্তু বারবার আটকের পরও তারা আবার রাজপথে ফিরছেন এবং নিজেদের দাবি জানিয়ে যাচ্ছেন।
সমালোচকদের মতে, মোদি এমন কিছু দমনমূলক পদ্ধতিই আবার ফিরিয়ে এনেছেন, যেগুলোর বিরুদ্ধে গান্ধী তার রাজনৈতিক জীবনের বড় অংশ লড়াই করেছিলেন- জনসমাবেশে বিধিনিষেধ, কারফিউ, প্রতিরোধমূলক আটক এবং ভিন্নমত দমনের জন্য পুলিশের ব্যবহার।
ক্ষমতার ভিত যত বেশি নড়বড়ে হচ্ছে, বলপ্রয়োগের ওপর তার নির্ভরতাও তত বেশি প্রকাশ্য হয়ে উঠছে-এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের।
গান্ধীর শিক্ষা যদি কিছু হয়ে থাকে, তবে তা হলো- ক্ষমতা ও বলপ্রয়োগেরও সীমা আছে।
আগামী দিনগুলোতে মোদি হয়তো রাজপথ খালি করতে পারবেন, বিক্ষোভকারীদের কারাগারে পাঠাতে পারবেন, প্ল্যাকার্ড কেড়ে নিতে পারবেন এবং ভিন্নমত স্তব্ধ করার চেষ্টা করতে পারবেন। কিন্তু অন্তত অনির্দিষ্টকালের জন্য তিনি ভারতীয় ভোটারদের এটা বিশ্বাস করাতে পারবেন না যে কোনো ক্ষমতা কেবল শক্তিশালী বলেই বৈধ।
ভারতের মতো ক্লান্ত এক গণতন্ত্রে, যেখানে লাগামহীন ক্ষমতার ভারে প্রতিষ্ঠানগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, সেখানে লাখো ভারতীয়ের এভাবে একসঙ্গে বিদ্রোহে উঠে দাঁড়ানোর দৃশ্য নিঃসন্দেহে বিরল।
অক্টোবরজুড়ে এই আন্দোলন হবে অগোছালো, ব্যঙ্গাত্মক, উচ্চকণ্ঠ ও অস্থির। এই দৃশ্য রোমান্টিকতার জন্মও দিতে পারে। তরুণ এই আন্দোলনের অসাধারণ দৃশ্যমান শক্তি দেখে এর নির্মলতা, তারুণ্যের উচ্ছ্বাস কিংবা তীব্র ক্ষোভ নিয়েই বেশি কথা বলার প্রলোভন থাকবে।
কিন্তু সেটি হবে ভুল। ভারতের নতুন প্রতিবাদী সংস্কৃতিকে না রোমান্টিক করে দেখা উচিত, না কোনো একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আটকে ফেলা উচিত।


