ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ জন ক্রু নিয়ে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২২ জনের সন্ধানে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ উদ্ধার অভিযান চলছে।
শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া ‘এমভি ওশান উইনার’ নামের জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
জাহাজটি ওডিশার প্যারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। বৃহস্পতিবার বন্দর ছাড়ার পর প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়। তবে কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা এখনো জানা যায়নি।
শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র। পরে কাছাকাছি থাকা ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ৮টার দিকে তারা দুজন ক্রুকে উদ্ধার করে।
নিখোঁজদের উদ্ধারে ভারতীয় কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি উদ্ধারকারী জাহাজ এবং শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরেকটি জাহাজ মোতায়েন করা হয়েছে।
প্যারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ক্যাপ্টেন অলেখ চরণ জাহাজের নাবিক ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিখোঁজদের নিরাপদে উদ্ধারের আশা প্রকাশ করেছেন।


