রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, কেবল মানবিক সহায়তা দিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়; বরং রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য রাখাইনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।
শুক্রবার (১৭ এপ্রিল) 'আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম–২০২৬' এ ‘বাস্তুচ্যুত সংকটের মুখে বিশ্বব্যাপী শরণার্থী সুরক্ষা ব্যবস্থা’ শীর্ষক সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা আরও সক্রিয় ও ফলপ্রসূ হওয়া প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, শুধু ত্রাণ সহায়তা প্রদান নয়, বরং রাখাইন রাজ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে প্রত্যাবাসনের বাস্তব পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আন্তর্জাতিক দাতা সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অর্থায়নের ঘাটতি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে দ্রুত অর্থায়ন বৃদ্ধি এবং কার্যকর সহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষই তাকে স্বাগত জানিয়েছে। এতে করে সংলাপের একটি সম্ভাবনা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “রোহিঙ্গা সংকট একটি সমাধানযোগ্য সমস্যা। তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ এবং ধারাবাহিক আন্তর্জাতিক সহযোগিতা।”

