পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ঈদে টানা ১০ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাধারণত ঈদ উপলক্ষে সরকারি কর্মচারীদের তিন দিনের মূল ছুটির সঙ্গে কিছুদিন বাড়তি ছুটি যোগ হয় নির্বাহী আদেশ ও সাপ্তাহিক ছুটির কারণে। তবে এবার ঈদুল আজহায় ব্যতিক্রমভাবে টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কর্মজীবীদের জন্য বড় একটি অবকাশ দিচ্ছে।
এর আগে চলতি বছর পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ছিল। ওই সময় সরকার শুরুতে পাঁচ দিনের ছুটি ঘোষণা করলেও পরে নির্বাহী আদেশে আরও একদিন বাড়িয়ে ছুটির পরিমাণ বাড়ানো হয়েছিল।
ঈদুল ফিতরের ছুটির ঠিক আগেই ছিল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আর ২৭ মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা ছিল, যেটি অনেকেই ব্যক্তিগতভাবে ছুটি নিয়ে দীর্ঘ অবকাশ কাজে লাগান।
নতুন ঘোষিত ঈদুল আজহার ছুটির আনুষ্ঠানিক ক্যালেন্ডার এখনো প্রকাশ হয়নি। এই দীর্ঘ ছুটি দেশের অভ্যন্তরীণ ভ্রমণ ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট, কোরবানির প্রস্তুতি ও ব্যবসায়িক লেনদেনে বাড়তি গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
-পার্বত্য সময়


