কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে শিশুসহ ১০ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
সোমবার (২৩ মার্চ) ভোরে নাফ নদ পেরিয়ে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে উখিয়ার জামতলী ক্যাম্পে আশ্রয় নেয়। তাদের মধ্যে সাতজনই শিশু।
উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পের মাঝি মোহাম্মদ সলিম অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আসা রোহিঙ্গারা তার ক্যাম্পে আশ্রয় নিয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নয় বছর পার হলেও এখনো একজন রোহিঙ্গাকেও স্থায়ীভাবে ফেরত পাঠানো সম্ভব হয়নি। বরং পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তথ্য অনুযায়ী, গত ১৫ মাসে নতুন করে প্রায় ১ লাখ ৪৪ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তের ওপারেও আরও অনেক রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, সীমান্তে রোহিঙ্গাদের জড়ো হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক। তবে প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।


