মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারের সময় ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় কোস্টগার্ডের পতেঙ্গা আউটপোস্টের সদস্যরা এ অভিযান চালান।

শনিবার (১ নভেম্বর) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- একটি অসাধু চক্র বাংলাদেশ থেকে সিমেন্ট পাচার করে তার বিনিময়ে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনতে চাচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১,৫০০ বস্তা সিমেন্ট, পাচারে ব্যবহৃত দুটি বোট ও ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট ও বোট সদরঘাট নৌ থানায় এবং আটককৃত পাচারকারীদের কর্ণফুলী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্টগার্ডের কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।