মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক থাকা কক্সবাজারের টেকনাফের ১৪ জন জেলে অবশেষে দেশে ফিরেছেন। তবে অভিযোগ উঠেছে, তাদের মুক্তির জন্য অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলে নৌকাযোগে তারা ফিরে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গুলি ছুঁড়ে ওই জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। পরে স্থানীয় দালালের মাধ্যমে প্রায় দুই লাখ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জেলেদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, রাতে নৌকাযোগে আটক জেলেরা ফিরে এসেছে। তবে তারা অর্থ দিয়ে মুক্ত হয়েছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ফেরত আসা জেলে রহিম উল্লাহ বলেন, জীবিত ফিরে আসতে পেরে তারা স্বস্তি বোধ করছেন। তিনি জানান, আটক করার পর তাদের মারধর করা হয়েছে এবং কোনো খাবার দেওয়া হয়নি। তাদের নৌকার মাঝি মালাই কালু গুরুতর আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আরেক জেলে গিয়াস উদ্দিনের মা রশিদা খাতুন বলেন, “আমার তিন ছেলেসহ পরিবারের পাঁচজন ফিরে এসেছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তাদের ধরে নিয়ে যাওয়ার পর আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, এখন কিছুটা স্বস্তি পেয়েছি। তবে ছেলেরা অসুস্থ হয়ে পড়েছে।”
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, তিনটি নৌকাসহ ১৪ জন জেলে ফিরে এসেছেন। তারা কীভাবে ফিরেছেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

